ফিচার্ড রকমারি

মুম্বইয়ের পথে পথে ভিক্ষা ৩০০০ কোটির মালিকের! ভিডিয়ো প্রকাশ পেতেই জানা গেল ‘ভিক্ষুকের’ পরিচয়

মুম্বইয়ের পথে পথে ভিক্ষা ৩০০০ কোটির মালিকের! ভিডিয়ো প্রকাশ পেতেই জানা গেল ‘ভিক্ষুকের’ পরিচয়

রাস্তায় বসে ভিক্ষা চাওয়া ব্যক্তি সাধারণ কোনও ভিক্ষুক নন। তাঁর সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে যে কারও। ৩০০০ কোটি টাকার সম্পদের অধিকারী তিনি। তা হলে কেন এই দশা তাঁর?

মাথায় উস্কোখুস্কো চুল, অপরিচ্ছন্ন, অবিন্যস্ত পোশাক। রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক ভিক্ষুক। রাস্তার পাশে বসে আছেন। কখনও হেঁটে হেঁটে মানুষের কাছে ভিক্ষা চাইছেন। কেউ দয়া করে ভিক্ষা দিচ্ছেন। আবার পথচারীদের কেউ কেউ পাত্তা না দিয়ে চলেও যাচ্ছেন। তাঁর আসল পরিচয় জানলে হয়তো এত ক্ষণে ভি়ড় জমে যেত রাস্তায়। রাস্তায় বসে ভিক্ষা চাওয়া ব্যক্তি সাধারণ কোনও ভিক্ষুক নন। তাঁর সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে যে কারও। ৩০০০ কোটি টাকার সম্পদের অধিকারী ‘ভিক্ষুকের’ একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাস্তায় ঘুরে ঘুরে হাত পাতা ‘ভিক্ষুক’ আসলে মুম্বইয়ের এক বিজেপি বিধায়ক। ২০২৪ সালে নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, ৩,০০০ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে তাঁর। তিনি বিজেপি বিধায়ক পরাগ শাহ। সম্প্রতি ভিক্ষুকের বেশে ঘাটকোপারের রাস্তায় বেশ কয়েক ঘণ্টা কাটিয়েছেন তিনি। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন সুপরিচিত রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তাঁকে আশপাশের মানুষ খেয়ালই করেননি। তাঁকে গুরুত্ব না দিয়েই পাশ কাটিয়ে চলে গিয়েছেন পথচলতি মানুষজন।

হঠাৎ কেন ভিক্ষুক সাজার খেয়াল চাপল কয়েক হাজার কোটি টাকার মালিক বিজেপির এই বিধায়কের? সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গুরুর আদেশেই নাকি তিনি এই কাজ করেছেন। জৈন আধ্যাত্মিক গুরু নম্রমুনি মহারাজের পরামর্শে জৈন চতুর্মাসের সময় তিনি কয়েক ঘণ্টার জন্য ভিক্ষুকের বেশ ধারণ করেছিলেন। একদিনের জন্য সম্পদ ও রাজনৈতিক পদের সুযোগ-সুবিধা ছাড়া জীবন কেমন হয় তা পরখ করে দেখতে রাজি হয়েছিলেন। ছদ্মবেশ ধারণ করার আগে তিনি নিরাপত্তা রক্ষী, যানবাহন এবং দামি জিনিসপত্র ছেড়ে আসেন। চেহারা পরিবর্তন করে বিধায়ক পরিচয় গোপন রেখে ঘাটকোপারে ঘুরে বেড়ান।

পরীক্ষাটি শুধু ছদ্মবেশ ধারণ করাতেই শেষ হয়নি। পরাগ পরে তাঁর মেকআপ তুলে ফেলে সেই একই জায়গাগুলিতে ফিরে আসেন এবং আগে দেখা হওয়া লোকজনের সঙ্গে পুনরায় দেখা করেন। পরাগ মহারাষ্ট্রে অন্যতম ধনী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০২৪ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি ৩,৩৮৩ কোটি টাকারও বেশি সম্পদের মালিক। প্রধানত রিয়েল এস্টেট ক্ষেত্রের সঙ্গে তাঁর ব্যবসাটি যুক্ত। মহারাষ্ট্র বিধানসভায় শপথ নেওয়ার আগে তিনি বৃহন্মুম্বই পুরসভার কর্পোরেটর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ভিক্ষুক সেজে ঘুরে বেড়ানোর ভিডিয়োটি এক্স হ্যান্ডলে থেকে পোস্ট করেন পরাগ নিজেই।

-আনন্দবাজার

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন