ফিচার্ড বিশ্ব

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত

janta-min-ang-hlaing

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুক্রবার সামরিকপন্থী পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে তিনি পাঁচ বছর আগে নির্বাচিত সরকার উৎখাতের পর নিজের ক্ষমতা আনুষ্ঠানিকভাবে আরও সুসংহত করলেন। খবর আল জাজিরার।

সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ৫৮৪ ভোটের মধ্যে অন্তত ২৯৩ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন ৬৯ বছর বয়সী এই জেনারেল।

মিন অং হ্লাইং ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন এবং তাকে গৃহবন্দি করেন। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরে সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়।

সাম্প্রতিক এই রাজনৈতিক পরিবর্তন ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত একতরফা নির্বাচনের পর এসেছে, যেখানে সেনাসমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বিপুল জয় পায়। সমালোচক ও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

সামরিক বাহিনী ও তাদের সমর্থিত সংসদ সদস্যদের প্রাধান্য থাকা পার্লামেন্টে সরাসরি সম্প্রচারিত ভোট গণনায় মিন অং হ্লাইং সহজেই প্রয়োজনীয় সমর্থন পান। তিনি এই পদে মনোনীত তিনজন প্রার্থীর একজন ছিলেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি দীর্ঘদিন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার দিনই তিনি সাবেক গোয়েন্দা প্রধান ও ঘনিষ্ঠ সহযোগী ইয়ে উইন উ-কে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন।

বিশ্লেষকদের মতে, সামরিক নেতৃত্ব থেকে বেসামরিক প্রেসিডেন্ট পদে আসা মিন অং হ্লাইংয়ের একটি কৌশলগত পদক্ষেপ, যার লক্ষ্য ক্ষমতা আরও দৃঢ় করা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা, যদিও বাস্তবে সেনাবাহিনীর প্রভাব অটুট থাকবে।

তবে দেশটিতে গৃহযুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। সামরিকবিরোধী বিভিন্ন গোষ্ঠী, যার মধ্যে অং সান সু চির দলের অবশিষ্ট অংশ ও বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন রয়েছে, সম্প্রতি যৌথভাবে একটি নতুন ফ্রন্ট গঠন করেছে।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন