ফিচার্ড রকমারি

একসঙ্গে লেখাপড়া, একসঙ্গেই চাকরি পেলেন চার বন্ধু

একই কলেজে পড়াশোনা, একসঙ্গে চলাফেরা, বন্ধুত্ব আর স্বপ্ন দেখার শুরু। পরিবারের সচ্ছলতা ফেরাতে চার বন্ধুরই ছিল চাকরি পাওয়ার প্রত্যাশা।

চাকরির সেই স্বপ্ন পূরণে একসঙ্গেই চাকরির জন্য আবেদন করেন তারা। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি পেয়েছেন চার বন্ধু। তাদের এমন সাফল্যে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

চাকরি পাওয়া চার বন্ধু হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আর্শাদ মিয়ার ছেলে আকাশ মিয়া ও মিল্লাদ মিয়ার ছেলে জয় মিয়া। অন্য দুজন হলেন সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ আলী এবং একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূরুল হকের ছেলে হিরু মিয়া।

জানা যায়, চার বন্ধু আনসার বাহিনীতে যোগদানের জন্য গত ২৭ অক্টোবর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নেন। সেখানে লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের ফলাফল পরবর্তী সময়ে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানায়। অবশেষে গতকাল বুধবার রাতে চারজনই চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তা পান। আগামী শনিবার গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেবেন তারা।

চার বন্ধু ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে আকাশ মিয়া ও মিনহাজ আলী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য দুজন একটি করে বিষয়ে অকৃতকার্য হয়েছেন। চাকরি পাওয়ায় আকাশ ও মিনহাজ স্নাতকে ভর্তি না হয়ে এবং জয় ও হিরু অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা না দিয়েই আনসার বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রায়পুর গ্রামের আকাশ মিয়া বলেন, ‘আমরা কৃষিজীবী পরিবারের সন্তান। চার বন্ধু একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। আনসার পদে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। বুধবার রাতে আমাদের চারজনেরই যোগদানের বার্তা এসেছে। আগামী ১৪ নভেম্বর প্রশিক্ষণে যাব। আমরা সবার দোয়া প্রার্থী।’

বীর উত্তর গ্রামের হিরু মিয়া বলেন, ‘আমি পরিবারের সবার ছোট। পরিবারের সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। লেখাপড়ার শুরু থেকেই স্বপ্ন ছিল, একটি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াব। আনসারে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। তিন বন্ধুর সঙ্গে আগামী ১৪ নভেম্বর গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেব। পরে সুযোগ পেলে আবার লেখাপড়া করব। চার বন্ধু একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে পারায় আমরা সবাই খুশি।’

সলপ গ্রামের মিনহাজ আলীর বাবা রমজান আলী বলেন, ‘আমরা দুই ভাই। আমার চার ছেলেমেয়ে এবং ছোট ভাইয়ের দুই সন্তান রয়েছে। মিনহাজ আমাদের পরিবারের বড় সন্তান এবং প্রথম চাকরি পাওয়া সদস্য। ছোট একটি দোকান থেকে আমার সংসার চলে। ছেলে চাকরি পাওয়ায় এখন অন্য সন্তানদের ভালোভাবে লেখাপড়া করাতে পারব। মিনহাজের সঙ্গে তার আরও তিন বন্ধুর চাকরি হওয়ায় আমরা আনন্দিত।’

বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন কান্তি তালুকদার বলেন, বাংলাদেশের চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। একটি পদের বিপরীতে অনেক প্রার্থীকে প্রতিযোগিতায় অংশ নিতে হয়। এমন পরিস্থিতিতে তার কলেজের চার শিক্ষার্থী একসঙ্গে চাকরি পাওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান। কর্মজীবনে তারা সফলতা ও উন্নতি অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: দৈনিক ইত্তেফাক

এফএইচ/বিডি

CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন

সংবাদটি শেয়ার করুন