দেশের সংবাদ ফিচার্ড

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত দুই

পদ্মা সেতুর জাজিরা প্রন্তরে শরীয়তপুরের নাওডোবা এলাকায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের দুইজনই নিষিদ্ধ সংগঠনের কর্মী বলে জানা গেছে।

রোববার ভোরে শরীয়তপুরে পদ্মা সেতুর নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।

এদের মধ্যে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের একজন কর্মী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার। অন্যদিকে, মাদারীপুরের শিবচরের নিজামউদ্দিন মৃধা নামে আরেক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

২৯ ও ৩০শে নভেম্বর দুইদিন আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি রয়েছে।

এই কর্মসূচিকে ঘিরে শনিবার থেকেই দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করে।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার জানান, “রোড ব্লকেড করতে গেছিল, তারপর দু্ই গ্রুপের মধ্যে ককটেল চালাচালি হয়, ককটেল বিস্ফোরণ হয়। দুইজন আহত হয়, একজন মারা গেছে শুনলাম। আরেকজন হাসপাতালে ভর্তি হয়েছে।”

“এখন পর্যন্ত আমরা খবর শুনেছি যে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল, মাঝপথে মারা গেছে। লাশ বাড়িতে নিয়ে যাচ্ছে,” বলেন শরীয়তপুরের পুলিশ সুপার।

সূত্র: বিবিসি বাংলা

এফএইচ/বিডি

সংবাদটি শেয়ার করুন