সিডনিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে নওরোজ রায়েদ আমিন (৩৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ। গত শুক্রবার (২০ নভেম্বর) ভোরে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইনগেলবার্নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, আমিন সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে গাড়িতে বহনযোগ্য বিস্ফোরক ডিভাইস তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন। পাশাপাশি তার কাছে ইসলামিক স্টেটের (আইএস) আদর্শ-সংশ্লিষ্ট সহিংস উগ্রবাদী উপাদান পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট নথি জেনেশুনে সংগ্রহ বা তৈরি এবং অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহিংস উগ্রবাদী উপাদান রাখার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি), নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) পুলিশ, অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) এবং এনএসডাব্লিউ ক্রাইম কমিশনের সমন্বয়ে গঠিত জয়েন্ট কাউন্টার টেররিজম টিম (জেসিটিটি) এ অভিযান পরিচালনা করে।
পুলিশের যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন উরসিনো’ নামে তদন্তটি শুরু হয় ২০২৬ সালের মে মাসে। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার ভোর ৫টা থেকে সিডনির ১১টি এলাকায় ১১টি স্থানে তল্লাশি চালানো হয়। এলাকাগুলো হলো অবার্ন, ব্যাংকসটাউন, ক্যাম্পবেলটাউন, ক্যাম্পসি, হক্সটন পার্ক, ইনগেলবার্ন, লাকেম্বা, নর্থমিড, পাঞ্চবোল, রেভেসবি ও টুনগাবি।
তদন্তকারীদের অভিযোগ, আমিন সম্ভাব্য সন্ত্রাসী হামলায় ব্যবহারের জন্য গাড়িতে বহনযোগ্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন। তার কাছে থাকা উপাদানগুলো ধর্মীয় উগ্রবাদ, বিশেষ করে ইসলামিক স্টেটের মতাদর্শের সঙ্গে সংশ্লিষ্ট বলে আদালতে অভিযোগ আনার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের শীর্ষ কর্মকর্তার বক্তব্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ডেপুটি কমিশনার হিলডা সিরেক সংবাদ সম্মেলনে বলেন, আদালতে অভিযোগ করা হবে যে ওই ব্যক্তি সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে গাড়িতে বহনযোগ্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, তদন্তকারীদের কাছে এমন কোনো তথ্য নেই যে অভিযুক্ত ব্যক্তি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা স্থান চিহ্নিত করেছিলেন কিংবা হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছিলেন। পুলিশের ধারণা, তিনি একাই এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
হিলডা সিরেক আরও জানান, পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার পরই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিডনির বন্ডি বিচে সন্ত্রাসী হামলার প্রথম বার্ষিকী সামনে রেখে এ গ্রেপ্তারের সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য পুলিশের কাছে নেই। এনএসডাব্লিউ পুলিশের ডেপুটি কমিশনার ডেভ হাডসন বলেন, ‘সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে ঝুঁকির বিষয়ে আমাদের সহনশীলতা খুবই কম। পরিস্থিতি সহিংসতায় রূপ নেওয়ার অপেক্ষা না করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়ার পরই আমরা ব্যবস্থা নিয়েছি।’
তিনি আরও বলেন, অনলাইনে সহিংস উগ্রবাদী উপাদান সংগ্রহ, ব্যবহার বা ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ শনাক্ত ও প্রতিরোধে পুলিশের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে।
আদালতে হাজির, কারাগারে পাঠানোর নির্দেশ গ্রেপ্তারের পর আমিনকে ক্যাম্পবেলটাউন পুলিশ স্টেশনে নেওয়া হয়। শুক্রবারই তাকে ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে হাজির করা হয়। আদালতে তিনি অভিযোগের বিষয়ে কোনো স্বীকারোক্তি দেননি এবং জামিনের আবেদনও করেননি। পরে তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়, সহিংস উগ্রবাদী উপাদান রাখার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগের সম্মিলিত সর্বোচ্চ সাজা ২০ বছর পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
একই অভিযানে আরও দুই ব্যক্তি গ্রেপ্তার একই তদন্তের অংশ হিসেবে ক্যাম্পবেলটাউন থেকে ৩৪ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তাকে বাধা দেওয়া বা প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া শুক্রবার দুপুরে উলি ক্রিক এলাকা থেকে ৩৩ বছর বয়সী আরেক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লাইসেন্স ছাড়া পিস্তল সংগ্রহ, অননুমোদিত আগ্নেয়াস্ত্র বহন এবং আগ্নেয়াস্ত্র নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে পিস্তল সংগ্রহের অভিযোগ রয়েছে। তবে ফেডারেল পুলিশের ডেপুটি কমিশনার হিলডা সিরেক স্পষ্ট করেছেন, এই দুই ব্যক্তির সঙ্গে আমিনের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আমিনকে ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাদেশে ছিলেন দুই দফা দ্য অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদনে আমিনের পারিবারিক পরিচয়, অতীত কর্মকাণ্ড, নিরাপত্তা সংস্থার নজরদারি এবং উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে তার কথিত যোগাযোগের বিভিন্ন তথ্য উঠে এসেছে।
দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আমিন যুক্তরাজ্যে বাংলাদেশি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর সিডনির পশ্চিমাঞ্চলে বেড়ে ওঠেন। কৈশোরে ধর্মীয় পরিচয়ের কারণে সহপাঠীদের কাছ থেকে হয়রানির শিকার হয়েছিলেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালে দুই দফায় ছয় মাস করে বাংলাদেশে অবস্থান করেছিলেন আমিন। তার স্ত্রী সাদিয়া আমিনের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামে যোগাযোগের তথ্যও উঠে এসেছে। তবে বাংলাদেশে তার পৈতৃক বাড়ি কোন জেলা বা গ্রামে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ২০২৩ সাল থেকেই অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারিতে ছিলেন আমিন। আইএস-সংশ্লিষ্ট কয়েকজন দণ্ডিত ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের তথ্যও উল্লেখ করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবাদে অর্থায়নের দায়ে দণ্ডিত ওমরজান আজারি, ২০১৫ সালে সিডনিতে পুলিশ কর্মকর্তা কার্টিস চেং হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিত মিলাদ আতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক মজুতের সঙ্গে সংশ্লিষ্ট আবদুল রাকিব হাসান। এ ছাড়া ২০২৩ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাসের কাছে আমিন-সংক্রান্ত একটি বিষয় যথাসময়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্ত্রীর অতীত নিয়েও আলোচনা আমিনের স্ত্রী সাদিয়া আমিনের অতীত নিয়েও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাদিয়া বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটি ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, বিস্ফোরক তৈরির নির্দেশনাসংবলিত উপকরণ ইংরেজি থেকে বাংলায় অনুবাদের অভিযোগে ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২০১৮ সালে তাঁর কারাদণ্ড হয়।
সাদিয়া তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন, স্বামী আমিনের মাধ্যমে তিনি উগ্রবাদে প্রভাবিত হন।
-সূত্রঃ মানবজমিন



