সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ইসলামী আইনে ‘তাজির’ নামে পরিচিত বিচারকের বিবেচনাধীন শাস্তির আওতায় তাদের এই দণ্ড দেয়া হয়েছে।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধের গুরুতর প্রকৃতি, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং যে পরিস্থিতিতে ওই কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল, সেসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত দেন। সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর তা চূড়ান্ত হয়। পরে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে রাজকীয় আদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত অন্যদেরও দেশটির আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে ঠিক কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
সূত্রঃ মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



