দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে মহাসড়কে নতুন মুদ্রা বহনকারী একটি মালবাহী সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এসময় নতুন নোট মাটিতে ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ১৫ জন নিহত হন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবারের এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস বলেছেন, হারকিউলিস সি-১৩০ বিমানটি নতুন মুদ্রিত বলিভিয়ান মুদ্রা বহন করছিল। রাজধানী লা পাজের পার্শ্ববর্তী শহর এল আল্টো বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পাশের একটি মাঠে গিয়ে পড়ে। পরে দমকলকর্মীরা বিমানটিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিনির্বাপক প্রধান পাভেল টোভার বলেছেন, এ ঘটনায় কমপক্ষে ১৫ জন মারা গেছেন। তবে নিহতরা বিমানে নাকি মহাসড়কে থাকা গাড়িতে ছিলেন তিনি বিস্তারিত জানাননি।
বলিভিয়ার বিমান বাহিনীর জেনারেল সের্জিও লোরা বলেছেন, বিমানটির ছয়জন ক্রুর মধ্যে দুইজনকে এখন (শুক্রবার সন্ধ্যা) পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্ত যানবাহন এবং রাস্তায় মরদেহ ছড়িয়ে রয়েছে। টোভার জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার বিমানবাহিনীর বিমানটি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহন করছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে থাকা নোট সংগ্রহের জন্য লোকজন ছুটে আসছে এবং এ নিয়ে রীতিমতো দাঙ্গা বেধে গেছে। ওই লোকজনদের ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতাও দেখা যায়।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এসপিনোজা বলেছেন, নোটগুলো এখনও বিনিময়যোগ্য নয়, কারণ সেগুলোতে সিরিয়াল নম্বর বসানো হয়নি। তিনি জানান, নোটগুলো লা পাজে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে কী পরিমাণ নোট বহন করা হচ্ছিল তা জানাননি।
ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সূত্র: সময় টিভি অনলাইন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



