দেশের সংবাদ ফিচার্ড

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে বাবার আত্মসমর্পণ

খুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেন পিতা আব্দুল বারেক খান।

এ ঘটনায় কাঠালিয়া থানা পুলিশ পিতা আব্দুল বারেক খান (৫৫) কে আটক ও মাদকাসক্ত মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করে। শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। প্রায়ই সে তার বাবা-মাকে মারধর, একাধিক এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছে। তার অত্যাচার-নির্যাতনে পিতা-মাতাসহ এলাকাবাসী আতঙ্কে থাকতো। ঘটনার দিন সকালে শুভ পিতা আব্দুল বারেক খানের কাছে ৩ লাখ টাকা দাবি করে এবং বসতবাড়ি ভাঙচুর করে। একপর্যায় সন্ধ্যায় সে বাজার থেকে একটি দা কিনে নিয়ে বাড়ি যায়। মা’কে জানায়, টাকা না দিলে আজ রাতে তাদের ২ জনকে জবাই করা হবে। পরে বারেক খানের পরমার্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। রাত ৩টার দিকে পিতা বারেক খান ঘুমান্ত ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জাতীয় পরিষেবা ৯৯৯-এ কাঠালিয়া থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তারা শুভর মরদেহ উদ্ধার করে এবং পিতা আব্দুল বারেক খানকে আটক করে কাঠালিয়া থানায় নিয়ে আসে। এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।

সার্কেল মো. শাহ আলম জানান, মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিল। শুভর ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিল। এতে পিতা বারেক ভীতসন্ত্রস্ত ও অতিষ্ঠ হয়ে স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে দিয়ে রাত ৩টার দিকে দা দিয়ে কুপিয়ে শুভকে হত্যা করেন।

সূত্র: কালের কন্ঠ

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন