যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান। সোমবার হিব্রু সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষদিক থেকে শুরু হওয়া এই সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান এই শর্তগুলো নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান তাদের আনুষ্ঠানিক দাবিগুলো তুলে ধরেছে।
চলমান সংঘাত নিরসনে স্থায়ী যুদ্ধবিরতি চায় তেহরান। ভবিষ্যতে আর হামলা না করার পুরোপুরি আনুষ্ঠানিক নিশ্চয়তা চেয়েছে দেশটি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থার দাবি জানানো হয়েছে, যার মাধ্যমে এর নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতে থাকবে। শর্তের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সরানোর কথাও রয়েছে। এছাড়া এই যুদ্ধে আর্থিকভাবে যে ক্ষতি হয়েছে সেই বিপুল অর্থ পরিশোধ করতে হবে। শেষ শর্তটি হচ্ছে- যুদ্ধের পুনরাবৃত্তি রোধে নির্দিষ্ট গ্যারান্টি প্রদান।
একই দিনে টেনেসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ওয়াশিংটন দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার তারা (ইরান) বেশ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, আমাদের সামরিক বাহিনীর অসামান্য পারফরম্যান্সের কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা আশা করি একটি চুক্তিতে পৌঁছানো যাবে। তবে যাই ঘটুক না কেন, আমরা নিশ্চিত করব যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র হাতে না পায়।
ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, আমেরিকা এবং আমাদের মিত্রদের জন্য হুমকি বন্ধ করার এটিই ইরানের শেষ সুযোগ। যেভাবেই হোক, আমরা আমেরিকাসহ পুরো বিশ্বকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করব।
সূত্র: মিডল ইস্ট মনিটর।



