লগি–বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।
জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা–কর্মীরা। তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এদিন সকাল থেকে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক গোপালগঞ্জের প্রাণকেন্দ্র লংঘাট এলাকায় জড়ো হন। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দিতেও দেখা যায়।
মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তারা। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন



