ফিচার্ড বিশ্ব

‘অপারেশন সিঁদুরে’ নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করল ভারত

operation-sindoor
‘অপারেশন সিঁদুরে’ নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করল ভারত

গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে নিহত ৬ সেনার নাম প্রকাশ করেছে ভারত। ৪ দিনের সেই সংঘাতে ভারতের সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং বিমানবাহিনীর একজন সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হন। শুক্রবার (২৬ জুন) এই সেনা সদস্যদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটি। খবর এনডিটিভির।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামের একটি সামরিক অভিযান চালিয়েছিল ভারত। সেই অভিযানের বছরখানেক নিহত সেনা সদস্যের নাম প্রকাশের পথে হাঁটল দেশটি। এই ছয় সেনাসদস্যের নাম ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে খোদাই করে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

কর্তব্যরত অবস্থায় নিহত ভারতের সেনা সদস্যরা হলেন–সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’ বিভিন্ন সংঘাতে ভারতের নিহত সেনা সদস্যদের প্রতি উৎসর্গীকৃত। এটি ১৬টি বৃত্তাকার গ্রানাইট প্রাচীর নিয়ে গঠিত। দেশটির স্বাধীনতার পর সংঘাতে নিহত সেনাসদস্যের নাম, পদবি ও ইউনিট এসব প্রাচীরের ইটের ওপর খোদাই করা রয়েছে। এখন ‘অপারেশন সিঁদুর’-এ নিহত এই ছয় সেনা সদস্যও স্থায়ীভাবে এই স্মৃতিসৌধের অংশ হয়ে থাকবেন।

প্রসঙ্গত, গত বছরের ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালায় ভারত। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

এর জবাবে পাকিস্তান তাৎক্ষণিক পাল্টা হামলা চালায়। এতে উভয় দেশের মধ্যে আকাশযুদ্ধ, ড্রোন হামলা এবং সীমান্তজুড়ে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। চার দিনব্যাপী চলা ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতের সমাপ্তি ঘটে গত বছরের ১০ মে।

সূত্র: চ্যানেল ২৪ অনলাইন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন