মৌলভীবাজারে হীড বাংলাদেশ এর ‘নিরাপদ পানি ও স্যানিটেশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার : জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে মৌলভীবাজারে হীড বাংলাদেশ (HEED Bangladesh)-এর মৌলভীবাজার অঞ্চলের আয়োজনে ‘ওয়াটার ক্রেডিট অ্যাডপশন’ কর্মসূচির আওতায় বিশেষ প্রশিক্ষণ শনিবার হীড বাংলাদেশ এর মৌলভীবাজার অফিসে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ পানি, স্যানিটেশন ও আচরণ পরিবর্তন” শীর্ষক এই প্রশিক্ষণে সংস্থার মাঠ পর্যায়ের ক্রেডিট অফিসারদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
দুটি পৃথক ব্যাচে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৫০ জন ক্রেডিট অফিসার অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল নিরাপদ পানির উৎস ও এর ব্যবহার নিশ্চিতকরণ, উন্নত স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা, স্বাস্থ্যবিধি পালনে ব্যক্তিগত ও সামাজিক আচরণ পরিবর্তন, তৃণমূল পর্যায়ে ওয়াটার ক্রেডিট বা পানি-স্যানিটেশন ঋণের গুরুত্ব।
হীড বাংলাদেশ এর মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের আঞ্চলিক হিসার রক্ষক মাসুদ রানা ও প্রশিক্ষক মো. ইরফান উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে নিরাপদ পানি ও উন্নত ল্যাট্রিন স্থাপন কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি একটি জীবনমুখী আচরণ। ক্রেডিট অফিসাররা মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমের পাশাপাশি যদি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে পারেন, তবে অকাল অসুস্থতা ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা নিরাপদ পানি ও স্যানিটেশন সম্পর্কে নতুন কারিগরি জ্ঞান লাভ করেছেন, যা তারা মাঠ পর্যায়ে সাধারণ সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন। হীড বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে এবং এই প্রশিক্ষণ সেই অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।



