শিশুর সিটবেল্ট পরতে অস্বীকৃতি, বাতিল হলো পোর্টারের টরন্টোগামী ফ্লাইট
ভিক্টোরিয়া, ব্রিটিশ কলাম্বিয়া: এক শিশু আসনে বসে সিটবেল্ট বাঁধতে না চাওয়ায় পোর্টার এয়ারলাইনসের একটি টরন্টোগামী ফ্লাইট শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। ঘটনাটি ঘটে গত ৬ আগস্ট ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে।
ফ্লাইট পিডি-৪৪৪ রাত ১১টা ৩ মিনিটে ভিক্টোরিয়া থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটি বোর্ডিং গেট ছেড়ে রানওয়ের দিকে অগ্রসর হওয়ার সময় এক শিশু নিজের আসনে দাঁড়িয়ে পড়ে এবং বসে সিটবেল্ট বাঁধতে অস্বীকৃতি জানায়।
পোর্টার এয়ারলাইনসের ভাষ্য অনুযায়ী, শিশুটির সঙ্গে থাকা অভিভাবক ও কেবিন ক্রুরা তাকে আসনে বসিয়ে সিটবেল্ট বাঁধার চেষ্টা করেন। কিন্তু তাঁদের প্রচেষ্টা সফল হয়নি। এ অবস্থায় উড়োজাহাজটির উড্ডয়ন নিরাপদ নয় বলে পাইলট সেটিকে টার্মিনালে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
টার্মিনালে ফেরার পর শিশু ও তার সঙ্গে থাকা অভিভাবককে উড়োজাহাজ থেকে নামতে বলা হয়। তাঁদের মালপত্রও উড়োজাহাজ থেকে নামানোর প্রক্রিয়া শুরু করা হয়। এতে উল্লেখযোগ্য সময় লেগে যায়।
ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রাত সাড়ে ১২টায় বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে উড়োজাহাজটি আর উড্ডয়ন করতে পারেনি। ফলে ফ্লাইটটি বাতিল করে সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন যাত্রী জানিয়েছেন, শিশুটিকে অবাধ্য বা দুর্ব্যবহারকারী মনে হয়নি; বরং তাকে উড়োজাহাজে ভীত ও আতঙ্কিত দেখাচ্ছিল। একপর্যায়ে সে আসনের নিচে লুকানোর চেষ্টা করেছিল বলেও জানা গেছে।
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পোর্টার এয়ারলাইনস ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং যাত্রীদের পরদিনের একটি ফ্লাইটে পুনরায় বুকিং দেয়।
বিমান চলাচলের নিরাপত্তাবিধি অনুযায়ী, উড্ডয়ন ও অবতরণের সময় প্রত্যেক যাত্রীকে নিজ আসনে বসে সিটবেল্ট বাঁধতে হয়। কোনো যাত্রী নিরাপদভাবে আসনে না বসলে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারে না।
তথ্যসূত্র: Global News, Associated Press, The Guardian



