শুল্ক বৃদ্ধির পর এবার নতুন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার কানাডার মদ, দুগ্ধজাত পণ্য এবং মোটরবাইকসহ বিপুলসংখ্যক পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যের ওপর কানাডার প্রতিশোধমূলক শুল্ক কার্যকর হওয়ার পরপরই ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বৈষম্যমূলক’ আচরণ করছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই আমদানি নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ খবর দিয়েছে বিবিসি।
এর আগে মঙ্গলবার এক ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেয়ার জন্য তার দেশকে ‘মূল্য চোকাতে হবে’। তবে চুপ করে থাকার চেয়ে পদক্ষেপ নেয়ার মূল্য অনেক কম বলেও উল্লেখ করেন তিনি। গত আগস্টের শেষ দিকে দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডার চলমান বাণিজ্যযুদ্ধ চরম আকার ধারণ করেছে।
গত মাসে কানাডার প্রায় ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের পণ্যের ওপর ৫০ ভাগ শুল্ক আরোপ করেছিল হোয়াইট হাউস। এর জবাবে মঙ্গলবার মধ্যরাত থেকে মার্কিন ইস্পাত, পোশাক এবং আসবাবপত্রের ওপর সমপরিমাণ শুল্ক কার্যকর করেছে কানাডা। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডা অন্যান্য দেশের পণ্যের ওপর বিধিনিষেধ না দিলেও মার্কিন পণ্যের ওপর দিচ্ছে, যা স্পষ্ট বৈষম্য।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা কানাডীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে—হুই বা ঘোলের মতো দুগ্ধজাত পণ্য, আখের গুড়, নন-অ্যালকোহলিক বিয়ার, ওয়াইন, রাম, ভদকা, মল্ট বিয়ার এবং মোপেডসহ বিভিন্ন ধরনের মোটরবাইক। এছাড়া পনির, কাঁচা চামড়া, কাগজ, আসবাবপত্র, ম্যাট্রেস, অ্যালুমিনিয়াম ও লোহার মতো ধাতু, মোটরবাট, গলফ কার্ট এবং মাছ ধরার সরঞ্জামের ওপর আমদানি শুল্ক আরও বাড়ানো হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, কানাডীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন কারখানা স্থানান্তর না করলে দেশটিতে তাদের কোনো পণ্য বিক্রি করতে দেয়া হবে না।
বাণিজ্য বিশেষজ্ঞ ডেবোরা এলমস জানিয়েছেন, যেসব কানাডীয় ব্যবসার ক্রেতা যুক্তরাষ্ট্রে রয়েছে, তাদের ওপর এই নিষেধাজ্ঞার বড় প্রভাব পড়বে। প্রাথমিকভাবে প্রায় ১০০ কোটি ডলারের পণ্যের ওপর এর প্রভাব পড়ার কথা জানা গেছে।
সূত্রঃ মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



