প্রবাসের সংবাদ ফিচার্ড শিক্ষাঙ্গন

কানাডায় স্টাডি পারমিটে প্রয়োজনীয় অর্থের পরিমাণ বাড়ল

কানাডায় স্টাডি পারমিটে প্রয়োজনীয় অর্থের পরিমাণ বাড়ল

সিবিএনএ নিউজ ডেস্ক: কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিটের আবেদনকারীদের প্রদর্শনযোগ্য অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন নিয়মটি আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, কুইবেক ছাড়া কানাডার অন্য কোনো প্রদেশ বা অঞ্চলে পড়তে আগ্রহী একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে এখন জীবনযাত্রার ব্যয় হিসেবে বছরে ন্যূনতম ২৩ হাজার ৪৪৮ কানাডীয় ডলার দেখাতে হবে। আগে এর পরিমাণ ছিল ২২ হাজার ৮৯৫ ডলার। ফলে একক আবেদনকারীর ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ বেড়েছে ৫৫৩ ডলার।

নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীর সঙ্গে পরিবারের একজন সদস্য থাকলে দুজনের জন্য ২৯ হাজার ১৯২ ডলার এবং দুই সদস্য থাকলে মোট তিনজনের জন্য ৩৫ হাজার ৮৮৮ ডলার দেখাতে হবে। পরিবারের সদস্যসংখ্যা বাড়ার সঙ্গে প্রয়োজনীয় অর্থের পরিমাণও বৃদ্ধি পাবে।

IRCC স্পষ্ট করেছে, এই অর্থ শুধু প্রথম বছরের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য। এর বাইরে আবেদনকারীকে প্রথম বছরের টিউশন ফি এবং কানাডায় আসা-যাওয়ার যাতায়াত ব্যয় বহনের সক্ষমতাও আলাদাভাবে প্রমাণ করতে হবে।

তবে কুইবেকে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নির্ধারিত অঙ্ক প্রযোজ্য নয়। তাদের Québec Acceptance Certificate বা CAQ-এর জন্য কুইবেক সরকারের নির্ধারিত আর্থিক সক্ষমতার শর্ত পূরণ করতে হবে।

কানাডা সরকার জানায়, দেশটির ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার এই সীমা হালনাগাদ করা হয়েছে।

সূত্র: কানাডা সরকার

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন