প্রবাসের সংবাদ ফিচার্ড

৬৪ মিলিয়ন ডলারের মেডিকেইড জালিয়াতি: যুক্তরাষ্ট্রে জাকিয়া খানের ৭৬ মাসের কারাদণ্ড

৬৪ মিলিয়ন ডলারের মেডিকেইড জালিয়াতি: যুক্তরাষ্ট্রে জাকিয়া খানের ৭৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৬৪ মিলিয়ন ডলারের মেডিকেইড জালিয়াতি ও অবৈধ কমিশন দেওয়ার ঘটনায় ব্রুকলিনের নারী ব্যবসায়ী বাংলাদেশি আমেরিকান জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। পাশাপাশি তাঁকে ৫৬ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ এবং প্রায় ৫ মিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, ৫৫ বছর বয়সী জাকিয়া খান ব্রুকলিনে Happy Family ও Family Social নামে দুটি বয়স্কদের দিবাকালীন সেবাকেন্দ্র পরিচালনা করতেন। তাঁর মালিকানায় Responsible Care Staffing নামে একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠান এবং অর্থের উৎস গোপন করতে ব্যবহৃত Tanwee Services নামের আরেকটি প্রতিষ্ঠানও ছিল।

২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত জাকিয়া ও তাঁর সহযোগীরা দালাল এবং মেডিকেইড সুবিধাভোগীদের নগদ অর্থ ও কমিশন দিতেন। বিনিময়ে সেবা না নিয়েও সুবিধাভোগীদের দিয়ে ভুয়া উপস্থিতিপত্রে স্বাক্ষর করানো হতো। এরপর সেই সেবা দেওয়া হয়েছে—এমন দাবি করে মেডিকেইডের কাছে বিল জমা দেওয়া হতো।

দুটি প্রতিষ্ঠান প্রায় ৬৪ মিলিয়ন ডলারের ভুয়া বিল জমা দেয় এবং মেডিকেইড প্রায় ৫৬ মিলিয়ন ডলার পরিশোধ করে। তদন্তের সময় গোপন ক্যামেরায় জাকিয়া খানকে তাঁর কার্যালয়ে অবৈধ নগদ অর্থ দিতে দেখা যায়। তাঁর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারও জব্দ করা হয়।

জাকিয়া খান ২০২৫ সালের আগস্টে স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং অবৈধ কমিশন দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর আদালত তাঁকে সাজা দেন। মার্কিন বিচার বিভাগের পূর্ণ বিবরণ

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন