ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁসসহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি এই কর্মসূচির কথা জানায়। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছে তারা।
সিজেপি দেশজুড়ে শহর ও গ্রামে নাগরিকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। দলটির দাবি, শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে চলমান আন্দোলনকে সর্বভারতীয় গণআন্দোলনে পরিণত করাই তাদের লক্ষ্য।
এদিকে নিট প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তরুণদের ভবিষ্যৎ সুরক্ষাকে সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন। তবে সরকারের এই অবস্থানের পরও আন্দোলন থামেনি।
রাজধানী দিল্লির যন্তরমন্তরে সিজেপির বিক্ষোভে ছাত্র-যুবকদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে যোগ দিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যন্তরমন্তর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
সূত্রঃ মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



