দেশের সংবাদ ফিচার্ড

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

bangabandhu-sheikh-mujibur-rahman

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড দিবস ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে সেখানে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। একইসঙ্গে পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে।

সকাল থেকে কেউ সেখানে ফুল দিতে আসেনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সূত্রে জানা যায়, সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়।

এদিকে ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীজুড়ে পিকেট ও তল্লাশিচৌকি পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরের সব প্রবেশপথে নিরাপত্তাচৌকি ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। ডিএমপির ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে ডিএমপির বিশেষায়িত সোয়াট, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এসব এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে। মহানগর পুলিশের (সিটিএসবি) ও ডিএমপির অভ্যন্তরীণ গোয়েন্দা (আইএডি) সদস্যরা সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র‍্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দল মোতায়েন থাকবে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন থাকবে। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত কর্মকর্তা ও ফোর্স রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিংমলসহ সংবেদনশীল এলাকায় মোতায়েন থেকে নিরাপত্তা নিশ্চিত করবে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিন মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, ১৫ আগস্ট ঘিরে যাতে নিষিদ্ধ কোনো সংগঠন কোনো নাশকতা ঘটাতে না পারে, সে জন্য রাজধানীতে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে ১৫ আগস্ট ঘিরে হুমকি বা নাশকতার আশঙ্কা নেই।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন