দেশের সংবাদ ফিচার্ড

সিলেটে চাঞ্চল্যকর তিন খুন: গৃহকর্মীর কথিত প্রেমিক বাবুল আটক

সিলেটে চাঞ্চল্যকর তিন খুন: গৃহকর্মীর কথিত প্রেমিক বাবুল আটক

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকায় একই বাড়ি থেকে প্রবীণ ব্যবসায়ী, তাঁর স্ত্রী এবং গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে রায়নগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক ও ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং তাঁদের গৃহকর্মী তাহমিনা। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ছিলেন। তাঁদের সন্তানেরা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সাংবাদিকদের জানান, আটক বাবুল মিয়া রংমিস্ত্রির পাশাপাশি কসাইয়ের কাজ করতেন। কাজের সূত্রে ওই বাড়িতে তাঁর যাতায়াত ছিল। সেই সুবাদে গৃহকর্মী তাহমিনার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল দাবি করেছেন।

পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টার দিকে বাবুল ওই বাড়িতে প্রবেশ করেন। তাহমিনা তাঁকে দরজা খুলে ভেতরে ঢুকতে দেন। পরে একটি কক্ষে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবুল ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

তাহমিনার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। এরপর আব্দুস সাত্তার সেখানে উপস্থিত হলে তাঁর ওপরও হামলা চালানো হয়। পরে বাবুল বাড়ির বারান্দা দিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

সকাল ৯টার দিকে বাড়ির ভেতর থেকে নারীদের চিৎকার শুনেছিলেন প্রতিবেশীরা। পরে বাড়ির দোতলার বারান্দায় রক্ত দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাবুলকে আটকের পর তাঁকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে রায়নগর এলাকায় অভিযান চালায় পুলিশ। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন