লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) ভোর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বিরোধ লেগেই ছিল।
এরই ধারাবাহিকতায় স্ত্রী ইয়াসমিন স্বামীর কাছে সংসার চালিয়ে যাওয়ার জন্য ৯টি লিখিত শর্ত দেন। এসব শর্তের মধ্যে ছিল স্বামীর মা-বোনের সঙ্গে যোগাযোগ বা তাদের কথা না শোনা, স্ত্রীকে কোনো অবস্থাতেই শারীরিকভাবে আঘাত না করা, স্বর্ণালংকার বুঝিয়ে দেওয়া, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দেওয়া, তার ব্যক্তিগত বিষয়ে কোনো অভিযোগ না তোলা, বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য চাপ না দেওয়া, ননদ ও তাদের স্বামীদের হস্তক্ষেপ বন্ধ রাখা, বাবার বাড়িতে যাতায়াতে বাধা না দেওয়া এবং তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া।
এসব শর্ত মেনে নিতে না পেরে সোমবার (৪ মে) আনোয়ার তার শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিচার চাইতে শ্বশুরবাড়িতে যান। এ সময় শ্বশুর ও শাশুড়ির কাছ থেকে অপমানিত হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। পরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে স্থানীয়দের ধারণা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আরটিভি অনলাইন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



