সাভারে পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে ধারাবাহিক হত্যাকাণ্ডের জট খুলেছে। গত ছয় মাসে পরিত্যক্ত ওই ভবনে একের পর এক খুনের নেপথ্যে রয়েছেন এক সাইকো কিলার। তার নাম মশিউর রহমান সম্রাট (৪০)। তিনি মানসিক বিকারগ্রস্ত নন, বরং ঠান্ডা মাথার খুনি। ছদ্মবেশে তিনিই এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সম্রাট।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাত ইসলাম।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মশিউর রহমান সম্রাট কমিউনিটি সেন্টারে পাওয়া সর্বশেষ দুই মরদেহসহ মোট ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও বড় কোনো রহস্য বা একাধিক সূত্র রয়েছে কি না তা জানতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে সম্রাটকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাটকে। এরপর রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদে সম্রাট স্বীকার করে ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত।
সিসিটিভি ফুটেজে হত্যাকারী সম্রাটকে দেখা যায়, গত ১৮ জানুয়ারি ভোর ৩টার দিকে একটি মরদেহ সদৃশবস্তু পিঠে তুলে ভবনটিতে নিয়ে যাচ্ছেন। ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ নিশ্চিত হয় এই ব্যক্তিই থানাসহ পরিত্যক্ত পৌরভবনের আশপাশে বিচরণকারী ভবঘুরে সম্রাট বলে জানান আরাফাত ইসলাম।
এ বিষয়ে আতঙ্কিত এলাকাবাসী জানান, মসিউর রহমান সম্রাট ২০২৪ সালের ৫ আগস্টের পর হতে এই এলাকায় ঘোরাফেরা করছেন।
জানা যায়, সাভার পৌর এলাকায় বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারটি ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত ওই ভবনটি মাদকসেবীসহ অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে দুজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর গত ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর গত ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র: সময় টিভি অনলাইন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



