কানাডার সংবাদ ফিচার্ড

কানাডাজুড়ে ভয়াবহ দাবানল: উত্তরাঞ্চলে জরুরি অবস্থা

কানাডাজুড়ে ভয়াবহ দাবানল: উত্তরাঞ্চলে জরুরি অবস্থা, ধোঁয়ায় টরন্টোর বায়ুমান বিশ্বের সবচেয়ে খারাপের তালিকায়

অটোয়া, ১৬ জুলাই: কানাডার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল (Wildfire) নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে অন্টারিও, ম্যানিটোবা ও সাসকাচোয়ান প্রদেশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়ায় টরন্টোর বায়ুমান এক পর্যায়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে উঠে আসে এবং এর প্রভাব যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশজুড়ে প্রায় ৮৫০টি সক্রিয় দাবানল জ্বলছিল। এর মধ্যে ১৮০টিরও বেশি আগুন অন্টারিওতে এবং শতাধিক আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।

দাবানলের কারণে উত্তর অন্টারিওর বেশ কয়েকটি প্রত্যন্ত ও আদিবাসী (First Nations) সম্প্রদায় থেকে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কিছু এলাকায় পুরো বসতিই আগুনে ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় অন্টারিও সরকার কানাডার ফেডারেল সরকারের কাছে সামরিক সহায়তা চেয়েছে এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

দাবানলের ঘন ধোঁয়ায় টরন্টোসহ দক্ষিণ অন্টারিওর আকাশ ধূসর হয়ে পড়েছে। পরিবেশ অধিদপ্তর স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ধোঁয়ার কারণে নিউইয়র্ক, শিকাগো, ডেট্রয়েট, মিনিয়াপোলিসসহ যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্যেও বায়ুদূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে বাইরে গেলে N95 মাস্ক ব্যবহার, ঘরের জানালা-দরজা বন্ধ রাখা এবং এয়ার পিউরিফায়ার ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় দাবানলের মৌসুম দীর্ঘ হচ্ছে এবং আগুনের তীব্রতাও বাড়ছে। ফলে আগামী সপ্তাহগুলোতেও পরিস্থিতি উদ্বেগজনক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএস/সিএ

 

সংবাদটি শেয়ার করুন