জীবন ও স্বাস্থ্য ফিচার্ড

সম্পর্কের নতুন ট্রেন্ড : বদলে যাচ্ছে জেন-জির ভালোবাসার ধরন

ডেটিং-মানে-কি

বর্তমান যুগে প্রেমের সংজ্ঞা ও ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডেটিং অ্যাপের আধিপত্য আর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক জাহির করার দৌড়ে অনেকেই যখন ‘ডেটিং বার্ন আউট’ বা সম্পর্কে ক্লান্তির শিকার হচ্ছেন, ঠিক তখনই ২০২৬ সালে জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ড—‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’। জেন-জি প্রজন্মের ভালোবাসার এই নতুন ধারাটি মূলত সম্পর্কের সামাজিক চাপ থেকে বেরিয়ে আসার এক সহজ ও শান্ত উপায়।

সহজ কথায়, সম্পর্কের ভবিষ্যৎ বা কোনো নির্দিষ্ট ‘লেবেল’ নিয়ে তাড়াহুড়ো না করে একে নিজস্ব গতিতে বাড়তে দেওয়ার নামই হলো ওয়াইল্ডফ্লাওয়ারিং। বুনো ফুল বা ওয়াইল্ড ফ্লাওয়ার যেমন কোনো কৃত্রিম যত্ন বা নিয়ন্ত্রণ ছাড়াই স্বাধীনভাবে বিকশিত হয়, এই ডেটিং ট্রেন্ডের মূল ভাবনাও তাই। কোনো নির্দিষ্ট নিয়মের চাপে না পড়ে বা একে অন্যের ওপর জোর না খাটিয়ে, সম্পর্কের গভীরতা বোঝার চেষ্টা করাই এই ট্রেন্ডের মূল লক্ষ্য।

 

কেন জনপ্রিয় হচ্ছে এই ধারা?
ডিজিটাল ডেটিংয়ের নেতিবাচক দিক যেমন ‘গোস্টিং’ (হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা), ‘সিচুয়েশনশিপ’ বা ‘ব্রেডক্রাম্বিং’-এর জটিলতায় আজকের তরুণ প্রজন্ম ক্লান্ত। জেন-জি এখন আর ডেটিং অ্যাপের নিখুঁত বায়ো দেখে প্রেম করতে বা চ্যাটিংয়ের কৃত্রিম নিয়ম মেনে চলতে আগ্রহী নয়। তারা এখনকার ডিজিটাল সম্পর্কের চেয়ে সততা, কোমলতা এবং স্বতঃস্ফূর্ততাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এই ট্রেন্ডটি মানুষকে ভার্চুয়্যাল জগতের দ্রুতগতির প্রেমের বিপরীতে একটু থামা ও ভাবার অবকাশ দিচ্ছে।

 

ইতিবাচক দিক ও সাবধানতা
সম্পর্কের শুরুতে কোনো সামাজিক দায়বদ্ধতার চাপ না থাকাটা মানসিক স্বস্তি দেয়। দ্রুত কোনো নাম না দিয়ে একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে আরও বাস্তব ও আন্তরিক করে তোলে। তবে এই ‘গো উইথ দ্য ফ্লো’ বা স্রোতের বিপরীতে গা ভাসানোর কিছু ঝুঁকিও রয়েছে। সম্পর্কের স্বচ্ছতা ও ছোট ছোট সুস্থ সীমানা বা বাউন্ডারি বজায় না রাখলে এই ট্রেন্ড অনেক সময় ভুল বোঝাবুঝি বা দীর্ঘসূত্রতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

বর্তমানে তরুণেরা বুঝতে শিখছেন যে, অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে চেনা ও নিজের মানসিক শান্তি বজায় রাখা জরুরি। সব সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ডেটেই কোনো তকমা বা নাম দেওয়ার প্রয়োজন নেই। ওয়াইল্ডফ্লাওয়ারিং সেই বার্তাই দেয় যে, সম্পর্কের নামফলক খোঁজার চেয়ে বর্তমান মুহূর্তকে উপভোগ করা অনেক বেশি অর্থবহ। কৃত্রিম নিয়ম ভেঙে নিজের শর্তে মুক্তভাবে ভালোবাসার এই ধরনটি তরুণদের সুস্থ মানসিক বিকাশ ও আত্মপরিচয় গঠনে সহায়ক হতে পারে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন