মন্ট্রিয়লে জাল পাসপোর্ট তৈরির ল্যাবে অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ ভুয়া নথি
মন্ট্রিয়লে পরিচালিত এক যৌথ অভিযানে জাল পরিচয়পত্র তৈরির একটি ল্যাব থেকে বিপুল পরিমাণ ভুয়া সরকারি নথি উদ্ধার করেছে কুইবেক প্রাদেশিক পুলিশ (Sûreté du Québec – SQ)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নথির মধ্যে রয়েছে— কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ও চেক প্রজাতন্ত্রের জাল পাসপোর্ট। কুইবেক, অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, নিউ ব্রান্সউইক, আলবার্টা, সাসকাচোয়ান এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জাল ড্রাইভিং লাইসেন্স। কুইবেক, অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ার জাল জন্মসনদ। জাল আগ্নেয়াস্ত্র ক্রয়-অনুমতিপত্র (Firearms Acquisition Certificate) এবং কুইবেক স্বাস্থ্যবিমা (Health Insurance) কার্ড।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনকে আদালতে হাজিরার সমন দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জাল নথি তৈরি, জাল নথি সংরক্ষণ, সরকারি বা কর্মচারীর পরিচয়পত্র অবৈধভাবে রাখার পাশাপাশি অর্থপাচারের (Money Laundering) অভিযোগ আনা হবে।
এসকিউ আরও জানিয়েছে, সন্দেহভাজনের একটি ব্যাংক হিসাব থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জব্দের প্রক্রিয়া চলছে। এছাড়া অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে দুটি গাড়িও জব্দ করা হয়েছে।
এ ঘটনার বা অন্য কোনো তদন্তে সহায়ক তথ্য থাকলে জনসাধারণকে Sûreté du Québec-এর তথ্যসেবা নম্বরে ১-৮০০-৬৫৯-৪২৬৪-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
-সূত্রঃ মন্ট্রিয়ল গেজেট
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



