কানাডার সংবাদ ফিচার্ড

নেপালের দুর্গতদের জন্য ৫০ লাখ ডলার সহায়তা ঘোষণা কানাডার

নেপালের দুর্গতদের জন্য ৫০ লাখ ডলার সহায়তা ঘোষণা কানাডার

অটোয়া, ৩০ আগস্ট: নেপাল–চীন সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ৫০ লাখ কানাডীয় ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে কানাডা সরকার।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এবং আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই ২৮ আগস্ট এই সহায়তার ঘোষণা দেন। কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্থ জাতিসংঘ, রেডক্রস এবং কানাডীয় বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে।

সহায়তার অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজন হলে কানাডিয়ান রেডক্রসের মাধ্যমে কানাডার জরুরি মজুত থেকে ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের বহু ঘরবাড়ি, সড়ক, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। বেশ কয়েকটি জনপদ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপুলসংখ্যক মানুষ নিহত ও নিখোঁজ হওয়ার পাশাপাশি হাজার হাজার বাসিন্দা মানবিক সংকটে পড়েছেন।

দুর্যোগকবলিত এলাকায় অবস্থানরত কানাডীয় নাগরিকদের সহায়তার জন্য পাঁচজন কনস্যুলার কর্মকর্তাকে কাঠমান্ডুতে পাঠিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে কানাডার অনারারি কনসালের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কানাডীয় নাগরিক ও তাঁদের পরিবারের সহায়তায় কনস্যুলার দল দিনরাত কাজ করছে। দেশটির সরকার নেপাল ও চীনের কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছে।

আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই বলেন, কানাডার প্রাথমিক সহায়তার মূল লক্ষ্য হচ্ছে দুর্গত মানুষের সবচেয়ে জরুরি মানবিক চাহিদা পূরণ করা। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও কীভাবে সহায়তা দেওয়া যায়, সেটিও পর্যালোচনা করা হবে।

নেপালে অবস্থানরত কানাডীয়দের নিয়মিত ভ্রমণ সতর্কতা অনুসরণ এবং সরকারের Registration of Canadians Abroad সেবায় নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি যোগাযোগ:
ফোন: +১ ৬১৩-৯৯৬-৮৮৮৫
ই-মেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: +১ ৬১৩-৯০৯-৮৮৮১

সূত্র: গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, দ্য কানাডিয়ান প্রেস

সংবাদটি শেয়ার করুন