সারির মসজিদে কাঁচা শূকরের মাংস ও মৃত্যুর হুমকি
দেয়ালে লেখা ‘চলে যাও, নইলে মরো’; আতঙ্কিত মুসলিম সম্প্রদায়, তদন্ত করছে পুলিশ কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে একটি মসজিদে কাঁচা শূকরের মাংস রেখে এবং দেয়ালে ইসলামবিদ্বেষী ও প্রাণনাশের হুমকি লিখে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
ফ্লিটউড ইসলামিক একাডেমি সোসাইটি জানিয়েছে, সপ্তাহান্তে ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা ফ্লিটউড ইসলামিক সেন্টারের দেয়ালে হুমকিমূলক লেখা দেখতে পান। দেয়ালে লেখা ছিল—“চলে যাও, নইলে মরো” এবং “ইসলাম আবর্জনা।”
মসজিদের দরজার হাতলে কাঁচা বেকনের টুকরা ঝুলিয়ে রাখা হয়েছিল। জানালার কাছেও একই ধরনের মাংস পাওয়া যায়। ইসলামে শূকরের মাংস নিষিদ্ধ হওয়ায় ঘটনাটিকে মুসলিম সম্প্রদায়কে অপমান ও ভয় দেখানোর উদ্দেশ্যে সংঘটিত বিদ্বেষমূলক কাজ হিসেবে দেখা হচ্ছে।
পুলিশের ধারণা, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। মসজিদ কর্তৃপক্ষ তদন্তকারীদের সহযোগিতা করছে এবং উপাসনালয়টির নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল নিকি শর্মা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে ইসলামবিদ্বেষ ও সহিংসতার হুমকির ঘটনা হিসেবে উল্লেখ করে ফ্লিটউড ইসলামিক একাডেমি সোসাইটি এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
মসজিদ কর্তৃপক্ষ বলেছে, ঘটনাটি তাদের ২০১৭ সালে কুইবেক সিটির একটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলার আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। ওই হামলায় ছয় মুসল্লি নিহত হয়েছিলেন।
সূত্র: Global News ও CityNews Vancouver
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।


