কানাডার সংবাদ ফিচার্ড

হাজার হাজার কানাডীয় চাকরি ঝুঁকিতে

হাজার হাজার কানাডীয় চাকরি ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসংঘাত আরও তীব্র হওয়ায় কানাডার গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ ও যন্ত্রাংশ উৎপাদন খাতের হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে। নতুন মার্কিন শুল্কের কারণে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান উৎপাদন কমানো, কর্মী ছাঁটাই এবং নতুন নিয়োগ স্থগিত করার পথে হাঁটছে।

যুক্তরাষ্ট্র প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পাঁচ শতাধিক কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকায় ইস্পাত, ইলেকট্রনিকস, পোশাক, মধু, প্রসাধনী, হকি স্টিক ও স্মার্টফোনসহ বিভিন্ন পণ্য রয়েছে। গাড়ি ও যন্ত্রাংশের ওপরও বাড়তি শুল্কের হুমকি দেওয়া হয়েছে।

শুল্কের প্রভাব ইতিমধ্যে কানাডার শিল্পাঞ্চলগুলোতে দৃশ্যমান হচ্ছে। কুইবেকের একটি ইস্পাত কারখানা প্রায় এক-তৃতীয়াংশ ক্রয়াদেশ হারানোর পর কর্মী ছাঁটাই এবং নতুন নিয়োগ স্থগিত করেছে। অন্টারিওর গাড়িশিল্পেও উদ্বেগ বাড়ছে। জেনারেল মোটরসের ওশাওয়া কারখানায় প্রায় ৫০০টি চাকরি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; শ্রমিক ইউনিয়ন ইউনিফরের আশঙ্কা, সংশ্লিষ্ট সরবরাহব্যবস্থায় আরও প্রায় ১ হাজার ২০০ কর্মী প্রভাবিত হতে পারেন।

কানাডার গাড়িশিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছয় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই গাড়ি উৎপাদন কমে গেলে শুধু কারখানার শ্রমিক নন—যন্ত্রাংশ প্রস্তুতকারী, পরিবহনকর্মী, সরবরাহকারী এবং স্থানীয় ছোট ব্যবসাগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র কানাডার গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামসহ প্রধান শিল্পগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের অধীনস্থ প্রতিষ্ঠানের মতো বিবেচনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেছেন। অটোয়া মার্কিন শুল্কের বিরুদ্ধে সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

ফেডারেল সরকার শুল্কে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্পসুদে ঋণ, আঞ্চলিক সহায়তা, কর্মীদের পুনঃপ্রশিক্ষণ এবং দেশীয় পণ্য ব্যবহারে প্রণোদনাসহ কয়েকটি কর্মসূচি চালু করেছে। তবে শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, বাণিজ্যসংঘাত দীর্ঘস্থায়ী হলে উৎপাদন কমানো, বিনিয়োগ স্থগিত এবং কর্মী ছাঁটাই আরও বাড়তে পারে।

সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন শিল্পকারখানার সাধারণ শ্রমিকেরা। তাঁদের অনেকের প্রশ্ন—কানাডা–যুক্তরাষ্ট্রের এই বাণিজ্যযুদ্ধের মূল্য শেষ পর্যন্ত কি চাকরি হারিয়েই দিতে হবে?

তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্স।

 

এসএস/সিএ

 

সংবাদটি শেয়ার করুন