কানাডার সংবাদ ফিচার্ড

কানাডার নাগরিকত্বের প্রমাণপত্র পেতে অপেক্ষা ২৫ মাস

কানাডার নাগরিকত্বের প্রমাণপত্র পেতে অপেক্ষা ২৫ মাস

কানাডার নাগরিকত্বের প্রমাণপত্র বা ‘প্রুফ অব সিটিজেনশিপ’ পেতে আবেদনকারীদের অপেক্ষার সময় উদ্বেগজনকভাবে বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, একটি কানাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে এখন আনুমানিক ২৫ মাস—অর্থাৎ দুই বছরেরও বেশি সময় লাগতে পারে।

চলতি বছরের মে মাসে এই অপেক্ষার সময় ছিল প্রায় ১২ মাস। জুলাইয়ে তা বেড়ে ১৯ মাসে পৌঁছায় এবং আগস্টে আরও বেড়ে দাঁড়িয়েছে ২৫ মাসে। একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণপত্রের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আবেদনের সংখ্যা এক লাখ ২১ হাজার ৮০০ ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘প্রুফ অব সিটিজেনশিপ’ নতুন করে কানাডার নাগরিক হওয়ার আবেদন নয়। এটি মূলত এমন ব্যক্তিদের জন্য, যাঁরা আগে থেকেই কানাডার নাগরিক—যেমন কানাডীয় মা-বাবার বিদেশে জন্মগ্রহণকারী সন্তান—কিন্তু নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য সরকারি সনদের প্রয়োজন। হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া নাগরিকত্ব সনদের প্রতিস্থাপনের ক্ষেত্রেও এই আবেদন করা হয়।

কানাডার নাগরিকত্ব সনদে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, জন্মতারিখ, ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার বা ইউসিআই, সনদ নম্বর এবং নাগরিকত্ব কার্যকর হওয়ার তারিখ উল্লেখ থাকে। এটি নাগরিকত্বের আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। কানাডা সরকারের তথ্য

ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা—আইআরসিসি জানিয়েছে, আবেদনের সংখ্যা, প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীর সংখ্যা এবং আবেদন যাচাইয়ের জটিলতার ওপর অপেক্ষার সময় নির্ভর করে। অসম্পূর্ণ আবেদন, অতিরিক্ত তথ্য যাচাই এবং নিরাপত্তাসংক্রান্ত পর্যালোচনার প্রয়োজন হলে সময় আরও বাড়তে পারে। কানাডা ও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে ডাকযোগে আবেদন করলে অতিরিক্ত ডাক ও প্রশাসনিক সময়ও যুক্ত হতে পারে।

আবেদনকারীরা অ্যাকনলেজমেন্ট অব রিসিপ্ট বা এওআর পাওয়ার পর আইআরসিসির অনলাইন ব্যবস্থায় আবেদনের অগ্রগতি পরীক্ষা করতে পারবেন। স্বাভাবিক প্রক্রিয়াকরণের সময় পেরিয়ে গেলে আইআরসিসির ওয়েব ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
তথ্যসূত্র: আইআরসিসি, সিটিভি নিউজ ও দ্য ইকোনমিক টাইমস।

সংবাদটি শেয়ার করুন