মন্ট্রিয়ল বিমানবন্দরে উড়োজাহাজের নিচে চাপা পড়ে কর্মীর মৃত্যু
কানাডার মন্ট্রিয়ল–ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে প্যারিসগামী একটি উড়োজাহাজের নিচে চাপা পড়ে এক গ্রাউন্ড ক্রু কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের টারম্যাকে দায়িত্ব পালনের সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি বিমানবন্দরের সিগন্যালম্যান বা মার্শালার হিসেবে কাজ করতেন। তিনি ‘স্যামসিক’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মী এবং তাঁর বয়স চল্লিশের কোঠায়। তবে পরিবারের গোপনীয়তার কথা বিবেচনা করে এখন পর্যন্ত তাঁর নাম ও ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্রান্সের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্রেঞ্চ বি পরিচালিত একটি এয়ারবাস এ–৩৫০ উড়োজাহাজ প্যারিসের অর্লি বিমানবন্দরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উড়োজাহাজটি পেছনে নেওয়ার সময় ওই কর্মী এর নিচে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, উড়োজাহাজটি চলতে শুরু করার পর একজন কর্মীকে এর নিচে চলে যেতে দেখা যায়। দুর্ঘটনার দৃশ্য দেখে উড়োজাহাজের অনেক যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন।
জরুরি বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
ফ্রেঞ্চ বি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি উড়োজাহাজ এবং গ্রাউন্ড অপারেশনে ব্যবহৃত একটি পুশব্যাক যানের সঙ্গে সম্পর্কিত। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। উড়োজাহাজে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন।
দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট ফ্লাইটসহ বিমানবন্দরের কয়েকটি ফ্লাইটের কার্যক্রম কয়েক ঘণ্টা ব্যাহত হয়। পরে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা হয়।
এয়ারোপোর্টস দ্য মন্ট্রিয়লের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইভ বোশঁ নিহত কর্মীর পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী ও কর্মীদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।
কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনাটি তদন্ত করতে মন্ট্রিয়ল–ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে তদন্তকারী দল পাঠিয়েছে। কর্মক্ষেত্রের নিরাপত্তাসংক্রান্ত কর্তৃপক্ষও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
তথ্যসূত্র: Global News, TVA Nouvelles, People



