মন্ট্রিয়াল বন্দরের সম্প্রসারণকাজে নতুন ধাপ
মন্ট্রিয়াল, ১৬ আগস্ট: সেন্ট লরেন্স নদীর তীরে মন্ট্রিয়াল বন্দরের বহুল প্রতীক্ষিত সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজ নতুন ধাপে প্রবেশ করেছে। মন্ট্রিয়াল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে কঁত্রেক্যর (Contrecœur) এলাকায় নতুন কনটেইনার টার্মিনালের জেটি ও ঘাট নির্মাণ শুরু হয়েছে।
প্রাথমিক প্রস্তুতি শেষে শ্রমিকেরা নদীতে পাথরের অস্থায়ী জেটি নির্মাণ করছেন। এই কাঠামো দিয়ে ভারী যন্ত্রপাতি পরিবহন এবং মূল ঘাট নির্মাণ করা হবে। পরে এটিকেই কনটেইনার ইয়ার্ডের অংশে রূপান্তর করা হবে। ইতিমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার টন পাথর প্রকল্প এলাকায় পৌঁছেছে। আগামী কয়েক মাসে আরও কয়েক হাজার টন পাথর আনা হবে।
প্রায় ২৪০ কোটি ডলারের এই প্রকল্পের জন্য কানাডা ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ১১৬ কোটি ডলারের ঋণ দিয়েছে। কুইবেক সরকার ১৩ কোটি এবং ট্রান্সপোর্ট কানাডা ১৫ কোটি ডলার দিয়েছে। টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তিও করেছে মন্ট্রিয়াল বন্দর কর্তৃপক্ষ।
নতুন টার্মিনালে দুটি জাহাজঘাট, কনটেইনার সংরক্ষণ এলাকা, রেলইয়ার্ড এবং সড়ক যোগাযোগব্যবস্থা থাকবে। এটি বছরে ১১ লাখ ৫০ হাজার টিইইউ কনটেইনার পরিচালনা করতে পারবে। ফলে মন্ট্রিয়াল বন্দরের বর্তমান কনটেইনার ধারণক্ষমতা প্রায় ৬০ শতাংশ বাড়বে।
কর্তৃপক্ষের হিসাবে, নির্মাণকালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। চালু হওয়ার পর প্রকল্পটি বছরে প্রায় ১৫০ কোটি ডলারের ব্যবসায়িক কার্যক্রম সৃষ্টি করতে পারে। এটি কানাডার সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২৬ সালে নদীর ভেতরের ঘাট ও জাহাজ চলাচলের প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হবে। ২০২৭ সালে টার্মিনাল, রেলইয়ার্ড ও পণ্য ওঠানো-নামানোর যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালে টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।
-সূত্রঃ সিটি নিউজ মন্ট্রিয়ল
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



