কানাডার সংবাদ ফিচার্ড

ক্যুইবেকে গৃহহীন মানুষের মৃত্যু চার বছরে বেড়েছে প্রায় ১৮০ শতাংশ

ক্যুইবেকে গৃহহীন মানুষের মৃত্যু চার বছরে বেড়েছে প্রায় ১৮০ শতাংশ
নারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ২১১ শতাংশ; গড় আয়ু মাত্র ৪২ বছর

কুইবেকে গৃহহীন অবস্থায় থাকা মানুষের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রদেশটিতে গৃহহীন মানুষের নথিভুক্ত মৃত্যু প্রায় ১৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নারীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ—চার বছরে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২১১ শতাংশের বেশি।

ইউনিভার্সিটি অব শেরব্রুকের গবেষকদলের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুইবেকে গৃহহীন অবস্থায় থাকা মোট ৪০০ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। ২০২০ সালে মৃত্যু হয়েছিল ৪৫ জনের; ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১২৭ জনে।

বছরভিত্তিক হিসাবে ২০২১ সালে ৫৫ জন, ২০২২ সালে ৭৪ জন এবং ২০২৩ সালে ৯৯ জন গৃহহীন মানুষের মৃত্যু নথিভুক্ত করা হয়।

নারীদের মৃত্যুর পরিসংখ্যান বিশেষভাবে উদ্বেগজনক। ২০২০ সালে গৃহহীন নারীদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে—যা ২১১ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি। একই সময়ে পুরুষদের মৃত্যু ৩৬ থেকে বেড়ে ৯৯ জন হয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, স্থায়ী আবাসনহীন নারীদের গড় আয়ু মাত্র ৪২ বছর। বিপরীতে, কুইবেকে স্থায়ী আবাসনে বসবাসকারী নারীদের প্রত্যাশিত গড় আয়ু প্রায় ৮৪ বছর। অর্থাৎ গৃহহীন নারীরা প্রায় অর্ধেক আয়ুতেই মৃত্যুবরণ করছেন।

মাথাপিছু মৃত্যুর হিসাবে মন্ট্রিয়লে পরিস্থিতি সবচেয়ে গুরুতর। এর পরেই রয়েছে আউটাওয়াই অঞ্চল।

গবেষকেরা জানিয়েছেন, পরিসংখ্যানগুলো কুইবেকের করোনারের ২০২০ থেকে ২০২৪ সালের প্রতিবেদন থেকে সংগ্রহ করা হয়েছে। তবে সব মৃত্যু করোনারের তদন্তের আওতায় আসে না এবং অনেক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিকে গৃহহীন হিসেবে চিহ্নিত করা হয় না। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা নথিভুক্ত সংখ্যার চেয়েও বেশি হতে পারে।

এ ছাড়া অস্থায়ীভাবে বন্ধু বা পরিচিতজনের বাড়িতে থাকা, রুমিং হাউসে বসবাস করা কিংবা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আবাসন পাওয়া ব্যক্তিদের মৃত্যু প্রাথমিক বিশ্লেষণে অন্তর্ভুক্ত হয়নি।

গবেষকেরা বলছেন, গৃহহীন মানুষের মৃত্যু সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, সাশ্রয়ী ও স্থায়ী আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং মানসিক স্বাস্থ্য ও আসক্তি মোকাবিলায় কার্যকর সহায়তা বাড়ানো অত্যন্ত জরুরি।

সূত্র: সিটিনিউজ মন্ট্রিয়াল

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন